প্রধান কোচ খুঁজছে বিসিবি তবে...

শ্রীলংকা সফরের মাত্র একমাস সময় আছে অথচ জাতীয় দলের কোচ খোঁজার ক্ষেত্রে বিসিবি এখনও নির্বিকার। কাল এ সংক্রান্ত ক্রিকেট অপারেশন্স কমিটির সভা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। জানা গেছে, কালই ক্রিকেট অপারেশন্স কমিটি কোচের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বোর্ডের কোর্টে বল ঠেলে দিতো। কিন্তু হঠাত্ করে কেন সেটি বাতিল করা হয়েছে এ বিষয়ে কিছু বললেন না ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ। বিসিবি’র ভেতর থেকে যতোদূর জানা যাচ্ছে, তাতে হাইপ্রোফাইল কোচ না কি সাদামাঠা কোচ আনবে—এই দ্বিধায় আছে বিসিবি। রিচার্ড পাইবাস চলে যাওয়ার পর এক রকম কোচহীন রয়েছে জাতীয় দল। সহকারী কোচ শেন জার্গেনসনকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চালিয়েছে বিসিবি। কিন্তু এরপর দুই মাস চলে গেলেও নানান অজুহাতে বিসিবি কোচের বিষয়টি গুরুত্ব দেয়নি। কোচের জন্য আন্তর্জাতিক আবেদন চাওয়া হলেও হাইপ্রোফাইল দুই একজন কোচ তাদের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু মিডিয়াতে তাদের নাম প্রকাশ হওয়ায় তারাও পিছটান দিয়েছেন। এদের মধ্যে কার্ল হুপার ছিলেন অন্যতম। বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে তিনজন জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন। কিন্তু বিসিবি সিদ্ধান্ত নিতে পারছে না। তার কারণ তারা হাইপ্রোফাইল নন। তবে বিসিবি এখন প্রধান কোচের চাইতেও চিন্তিত ফিজিও ও ট্রেনার নিয়ে। কাল ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের কথায় সে রকমই ইঙ্গিত পাওয়া গেছে, ‘আমাদের ফিজিও ও ট্রেনার খুঁজতে হবে। জাতীয় দলের প্রধান কোচ তো আমরা চাইলেই নিজেদের কোচিং ষ্টাফদের মধ্য থেকে করতে পারি। কিন্তু এই দুই পজিশনের জন্য আমাদের ভালো মানের কোচ দরকার’। জানা গেছে, অস্ট্রেলিয়ান জাষ্টিন ল্যাঙ্গার জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু তার চাহিদা দেখে বিসিবি সিদ্ধান্ত নিতে পারছে না। আবার সাবেক কোচ জেমি সিডন্সও যদি বাংলাদেশের কোচ হন তবুও অবাক হওয়ার মত কিছু থাকবে না। কারণ, সিডন্সের সাথে বিসিবি’র পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলেও জানা গেছে। হাইপ্রোফাইল কোচ কিংবা সাদামাঠা কোচ যিনি হউন না কেন; বিসিবি’র ভরসা বিদেশি কোচদের উপরই। প্রধান কোচ হিসাবে দেশি কোচ কাউকে নিবে না বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান সিরাজ, ‘আমরা তো দেশি কোচদের সুযোগ দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তারা তো থাকেনি। সুজনকেও তো দায়িত্ব দিয়েছিলাম কিন্তু সে তার দায়িত্ব নিয়মিত পালন করেছে? আমাদের বিদেশি কোচই লাগবে তবে আমরা চেষ্টা করছি যেন শ্রীলংকা সফরের আগে প্রধান কোচ নিয়োগ দিব। না হলে জার্গেনসেন তো আছেন; তিনি তো খারাপ করেননি’।