ভারতীয় স্পিনারদের মোকাবিলার ছক আঁকছেন ম্যাক্সওয়েল

ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেকে স্বাগতিক স্পিনারদের মোকাবিলা করতে ইতোমধ্যেই নিজের পরিকল্পনা এঁটেছেন অস্ট্রেলিয়া দলের ড্যাশিং অলরাউন্ডার গে¬ন ম্যাক্সওয়েল। এছাড়া ভারতীয় কন্ডিশনে খেলার নিজের সংক্ষিপ্ত অভিজ্ঞতা আসন্ন চার ম্যাচের সিরিজে সহায়ক হবে বলে মনে করছেন তিনি। ভারত সফরের জন্য ঘোষিত ১৭ সদস্যের অস্ট্রেলিয়া দলে প্রধান স্পিনিং অলরাউন্ডার রয়েছেন ম্যাক্সওয়েল। এ সফরেই আজীবনের লালিত স্বপ্ন ব্যাগি গ্রীণ গায়ে জড়াতে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্স দলের হয়ে ২০১০ সালে এবং এরপর ২০১২ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য ভারত সফর করা ম্যাক্সওয়েল বলেন, ‘সেখানে স্পিনারদের কিভাবে খেলবো—এখন এটা নিয়েই ভাবছি আমি।’ তিনি আরও বলেন, ‘সেখানে খেলার অল্পকিছু অভিজ্ঞতা হওয়ায় আমি যথেষ্ট ভাগ্যবান। দু’বছর আগে একাডেমি দলের হয়ে আমি সেখানে খেলেছি। এছাড়া গত বছরের আইপিএল অভিজ্ঞতাও আছে। সেখানে খেলার জন্য আমার গেমপ¬ান খুবই সাধারণ। স্পিনারদের বিরুদ্ধে আমাকে ফ্রন্ট ফুটে খেলতে হবে এবং তাতেই আমি ভাল করবো বলে আশাবাদী।’ ওয়েস্টার্ণ অস্ট্রেলিয়া ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯ উইকেটে জয়ী প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ৩৫ বলে অপরাজিত ৫১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন তিনি। ঝড়ো গতির ইনিংসে ৯টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। টেস্ট পর্যায়ে খেলতে তাকে খুবই ধৈর্যশীল হতে হবে বলে জানান ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পেলে আমি অনেক বেশি রক্ষণাত্মক হবো।’ তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্য ছাড়াও ভারত সফরে তার বোলিংয়ের ওপর নির্ভরশীল থাকবে অস্ট্রেলিয়া। চলতি মৌসুমে কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে কাজ করায় স্পিন বোলিংয়ে মানসিকভাবে তিনি এখন অনেক শক্তিশালী বলে উল্লে¬খ করেন ম্যাক্সওয়েল। একজন স্পিনার হিসাবে নিজের সক্ষমতার ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি। - বাসস/এএফপি