অস্ট্রেয়াকে গিলেস্পির সতর্কবার্তা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
এ বছরের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড প্রস্তুত হয়েই মাঠে নামবে বলে অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিয়েছেন দেশটির সাবেক পেসার জেসন গিলেস্পি। প্রতিপক্ষকে হারানোটা বেশ কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
১৯৯৬-২০০৫ সাল পর্যন্ত ৭১ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ২৫৯ উইকেট শিকার করা গিলেস্পি বর্তমানে ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন। তাই ইংলিশদের শক্তি সম্পর্কে ভালভাবেই ওয়াকেবহাল তিনি।
অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রকে গিলেস্পি বলেন, ‘এখানকার (অস্ট্রেলিয়া) ব্যাপারে তারা অত্যন্ত আত্মবিশ্বাসী। তবে ফেভারিট হিসাবেই ইংল্যান্ড শুরু করবে তাতে কোন সন্দেহ নেই।
আমার দৃষ্টিতে অন্তরের ভিতর থেকে তারা আমাদের বোলিং আক্রমণকে দুর্বল ভাবতে পারে। এখানকার ব্যাপারে আমি প্রায় নিয়মিতভাবেই বলে আসছি যে, ‘অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে দুর্বল ভেবো না। তবে ইংল্যান্ড ভাবটা দেখাচ্ছে যে, অস্ট্রেলিয়াকে তারা দুর্বল ভাবছে না। এ ব্যাপারে তারা খুবই চালাক এবং ইংল্যান্ড ম্যানেজমেন্ট ইতোমধ্যেই অনেক গবেষণা শেষ করেছে আমি জানি।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘ সময় যাবত্ তারা পরিকল্পনা ও পরীক্ষা করছে। তারা যে চিন্তিত থাকবে সে বিষয়ে আমার কোন সন্দেহ নেই।’
জেমস প্যাটিনসন, প্যাট কামিনস, মিশেল স্টার্ক এবং জ্যাকসন বার্ডের মতো একদল তরুণ পেসারদেরকে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম এন্ড এ্যাওয়ে সিরিজের জন্য প্রস্তুত করছে অস্ট্রেলিয়া। গত এ্যাশেজে তাদের ৩-১ ব্যবধানে সিরিজ জয়ে মূল ভূমিকা পালন করেছিল ইংল্যান্ডের বোলিং ইউনিট। অবসরে যাওয়া রিকি পন্টিং ও মাইক হাসিকে ছাড়া অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডারকে চ্যালেঞ্জ জানাতে তারা প্রস্তুত। তিনি বলেন, ‘এই মুহূর্তে ইংল্যান্ডের বোলিং খুবই শক্তিশালী। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং করার সময় তারা আরও বেশি নিখুঁত হবে। তাদের ধারণা অস্ট্রেলিয়াকে তারা চাপে ফেলতে পারবে। মাঠে সেরাদের অন্যতম একজন জেমস এন্ডারসন। আক্রমণের নেতৃত্ব দিবেন তিনি। স্টিভেন ফিন, টিম ব্রেসনানও খুব ভাল বোলার। কখনো কখনো স্টুয়ার্ট ব্রডের উত্থান-পতন হয় ঠিকই তবে সেও একজন দুর্দান্ত বোলার। শীর্ষ না হলেও এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনারদের একজন গ্রায়েম সোয়ান। তাদের ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী। এছাড়া তাদের আছে বিশ্বের সেরা উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান ম্যাট প্রিয়র। সুতরাং তারা খুবই ভাল অবস্থায় আছেন।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার বহুল আলোচিত রোটেশন পদ্ধতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন গিলেস্পি।
২০১০-১১ মৌসুমের অ্যাশেজ সিরিজ থেকেই দলের শীর্ষ টেস্ট স্পিনারে পরিণত হওয়া নাথান লিঁয় সম্পর্কেও ভাল ধারণা রয়েছে ৩৭ বছর বয়সী গিলেস্পির। তিনি বলেন, ‘আমার কাছে নাথান লিঁয় একজন চমত্কার বোলার। অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে কম সময়ে ৫০ টেস্ট উইকেট শিকার করা স্পিনার সে। একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে বিশেষ কিছু তার মধ্যে আছে বলে আমি মনে করি।’ - বাসস/এএফপি