অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শেয়ারবাজারে মুনাফা করতে দীর্ঘমেয়াদে শেয়ার ধরে রাখতে হবে। কোনো যুক্তিতেই এখন শেয়ার বিক্রির সময় নয়। আগামীতে জাতীয় বাজেট আসছে। সেখানে শেয়ারবাজারের জন্য বিশেষ প্রণোদনা থাকবে। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ক্ষুদ ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) প্লাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখা সম্ভব নয়। তাই আগামী জাতীয় বাজেটে শেয়ারবাজারকে অগ্রাধিকার দেওয়া হবে। সেখানে কিছু না কিছু প্রণোদনা থাকবেই। তাতে শেয়ারবাজারে গতি ফিরে আসবে। তাই এখন তাড়াহুড়া করে শেয়ার বিক্রি করলে পরবর্তীতে কিছু করার থাকবে না। কারণ হাতে যদি শেয়ারই না থাকে তখন কি করবেন? তিনি বলেন, নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে লাভবান হবেন। শেয়ারবাজারে লাভ করতে হলে ধৈর্য ধরতে হবে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, শেয়ারবাজারের সমস্যাগুলো খুঁজে বের করা হয়েছে। একটির পর একটি সমস্যার সমাধান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সমস্যা বোঝেন। তিনি নিজেই অন্যের সমস্যায় এগিয়ে আসেন। শেয়ারবাজার নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। তিনি বলেন, আগামী ২০৩১ সালে বাংলাদেশ চীন, ভারতের অর্থনীতির সঙ্গে সঙ্গতি রেখে এগিয়ে যাবে। খুব দ্রুতই বাংলাদেশ এশিয়ান টাইগারে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, শেয়ারবাজারে উন্নয়নে ডিএসইর এসএমই পাটফর্ম উদ্বোধন করা হলো। আরও নতুন নতুন পণ্য চালু করা হবে। শেয়ারবাজারে পণ্যের বহুমুখিকরণের কাজ এগিয়ে চলছে। ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।