ছাতকে এক শিক্ষকের বিদ্যালয় !

ছাতকে একজন শিক্ষক দিয়ে চলছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি একজন শিক্ষকের উপর নির্ভর থাকায় বিদ্যালয়ের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে এখানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলেও শিক্ষা থেকে হচ্ছে বঞ্চিত। উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’শতাধিক ছাত্র-ছাত্রীর জন্য একজন শিক্ষক পাঠদানে নিয়োজিত রয়েছেন। বিদ্যালয়ের অন্যকোন শিক্ষক না থাকায় পাঠদানের পাশাপাশি শাহনাজ বেগম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করছেন। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিক শিক্ষা থেকে সংঘত কারণেই বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের ৩টি পদের মধ্যে প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার মেডিক্যাল ছুটি নিয়ে চলে গেছেন। অপর শিক্ষক সাহেদা বেগম বদলি নিয়ে অন্যত্র চলে যাওয়ায় বিদ্যালয়টি এক শিক্ষকের উপর নির্ভরশীল হয়ে পড়ে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাহার জানান, এক শিক্ষক দিয়ে কোন অবস্থাতেই বিদ্যালয় চলতে পারে না। ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহতসহ ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে।