কুষ্টিয়ায় লালন একাডেমীর সভা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪১
অবশেষে দীর্ঘ প্রায় দুই বছর প্রতীক্ষার পর লালন একাডেমীর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল শনিবার কুষ্টিয়ার ছেঁউড়িয়াস্থ লালন একাডেমীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন নির্বাচনের ধার্য দিন ঘোষণা করেন।
সভায় লালন একাডেমীর উপস্থিত সদস্যদের বক্তব্য ও সত্বর ভোট গ্রহণ বিষয়ে দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক আগামী ২৯ জুন নির্বাচনের দিন ধার্য করে ওইদিন ভোট গ্রহণের ঘোষণা দেন।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে লালন একাডেমীর প্রাক্তন সাধারণ সম্পাদক তাইজাল আলী খান, এ্যাডভোকেট শামসুর রহমান বাবু, এ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম, প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক এনামূল হক মঞ্জু প্রমুখ সভা মঞ্চে উপস্থিত ছিলেন। সভায় সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন রেজানুর রহমান চৌধুরী মুকুল, রবিউল হক খান, সেলিম হক, জিয়া উদ্দিন জিয়া, মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ।
লালন একাডেমীর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদ নিয়ে নির্বাচন কেন্দ্রিক দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটবে বলে ভোটার ও লালন ভক্ত-অনুরাগীরা জানান।