নারায়ণগঞ্জে পুলিশের
ওপর শিবিরের হামলায়
গ্রেফতার ১৯
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৯
নারায়ণগঞ্জ শহরে পুলিশের ওপর জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার দলটির ১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন এজাহারভুক্ত আসামি। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সদর মডেল থানার এস আই আতিয়ার হোসেন বাদী হয়ে মামলা ২টি দায়ের করেন। দু’টি মামলাতেই নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সাঈদ, মহানগর কমিটির সভাপতি নাছিরউল্লাহ ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে।