ডেসটিনির চার হাজার
কোটি টাকার অনিয়ম
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৬
সাধনা হালদারের প্রশ্নের জবাবে সংসদে বাণিজ্যমন্ত্রী জানান, মাল্টি লেবেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ডেসটিনি-২০০০ এবং এর সহযোগী কোম্পানিগুলোতে প্রায় চার হাজার কোটি টাকার অনিয়ম ও সন্দেহজনক লেনদেনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গত বছরের ১৩ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ডেসটিনির নয়টি অনিয়ম চিহ্নিত করেছে। এগুলো হলো ডেসটিনির পরিবারভুক্ত ২২ জন পরিচালক হিসাবে নিজেদের মধ্যে লেনদেন করা, কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে ১৬ শতাংশ হারে চড়া সুদে অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা, বিভিন্ন কোম্পানির শেয়ার হস্তান্তরে অনিয়ম, ক্রমাগত লোকসানী প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে তহবিল তছরুপ, পরিচালকদের ব্যাংক হিসাবে বিধি বহির্ভূতভাবে সমিতির টাকা স্থানান্তর, একচেটিয়া পণ্যের বাজার সৃষ্টি করে চড়া মুনাফায় বিক্রি, প্রকৃত বাজার মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি কেনা, বৃক্ষরোপণ কর্মসূচির নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ, সদস্যদের টাকা ব্যয়ে অনিয়ম।