এখন থেকে ধান নয়, সরকার চাল কিনবে

সরকার ধানের পরিবর্তে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। ধান কেনার ইচ্ছা থাকলেও গুদামে রাখার মতো জায়গার অভাব রয়েছে। আর এ কারণে চাল কেনা হবে। গতকাল রবিবার জাতীয় সংসদে খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক প্রশ্নোত্তর পর্বে সংসদকে এ কথা জানান। এবিএম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২৬ টাকা দরে আড়াই লাখ টন সিদ্ধ চাল ও ২৫ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এতে সরবরাহকারী মিল মালিক প্রতিযোগিতামূলকভাবে বাজার থেকে চাল কিনবেন। ফলে কৃষক ধানের ন্যায্য মূল্য পাবে। সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৩৯টি জেলা ও ৮৫টি উপজেলায় ১৭০টি খাদ্য গুদাম নির্মাণের কাজ বর্তমানে চলছে। এসব খাদ্য গুদামের ধারণ ক্ষমতা হবে এক লাখ ৩৫ হাজার মেট্রিক টন। ইতোমধ্যে ৬৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন ৮১টি গুদামের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। একই সদস্যের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বেশি আদ্রতা যুক্ত ধানের বাজার মূল্য থাকায় কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি অর্থ বছরের মূল বাজেটে ১৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের আর্থিক সংস্থান রয়েছে যা সংশোধিত বাজেটে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন করার প্রস্তাব রয়েছে।