রাজশাহী ও রংপুর বিভাগে আজ বিএনপির সকাল সন্ধ্যা হরতাল
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল আজ সোমবার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাটোর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদারসহ রংপুর ও রাজশাহী বিভাগের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এই হরতাল আহ্বান করা হয়েছে। ২০ জানুয়ারি বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের উপস্থিতিতে রাজশাহী ও রংপুর বিভাগের নেতাদের সমন্বয় সভাশেষে দলের রাজশাহী মহানগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু এই হরতালের ঘোষণা দেন। হরতালের সমর্থনে গতকাল রবিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে দলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয় কমিটি সংবাদ সম্মেলন এবং পরে নগরীতে বিক্ষোভ মিছিল হয়। এতে বিএনপির কেন্দ্রহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল ও শামসুন নাহার কাজী হেনা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, যদি সরকার হরতালে বাধা দেয় তাহলে আগামীতে দেশব্যাপী আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
স্টাফ রিপোর্টার দিনাজপুর জানান, অবিলম্বে মির্জা ফখরুলকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কোনো প্রকার বাধা বা আন্দোলন প্রতিহত করার চেষ্টা করা হলে বিএনপি সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করবে। গতকাল রবিবার সকালে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী এ কথা বলেন। হরতাল সফল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করা হয়। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব লুত্ফর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক।