অভিন্ন নদীর বিষয়ে অভিন্ন জাতীয় অবস্থান তৈরি অপরিহার্য

নদীর পানির উপর এদেশের মানুষের অধিকার রয়েছে। অভিন্ন নদীগুলোরও অধিকার রয়েছে জীবিত এবং সাগর পর্যন্ত প্রবাহিত থাকার। নদীর পানির হিস্যা এবং পানির অধিকার নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করার জন্য এবং হিমালয় থেকে প্রবাহিত নদীগুলোকে বাঁচিয়ে রাখার স্বার্থে আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেকসই পানি ব্যবস্থাপনা নীতির উপর ভিত্তি করে অভিন্ন নদীর পানি বিষয়ে একটা অভিন্ন জাতীয় অবস্থান তৈরি করা অপরিহার্য। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি), নিউইয়র্ক আয়োজিত সেমিনারে বক্তারা একথা বলেন। আইএফসি চেয়ারম্যান আতিকুর আর কে ইউসুফজাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন সংসদ সদস্য রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক জসিম উদ্দিন আহমাদ, সাংবাদিক সাদেক খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, লেখক-কলামিষ্ট ফরহাদ মজহার ও দৈনিক ‘নিউ নেশন’ সম্পাদক মোস্তফা কামাল মজুমদারসহ অন্যরা। সেমিনারে পরিবেশ বিশেষজ্ঞ ড. এসআই খান তার নিবন্ধে বলেন, সাহারা মরুভূমি একসময় রোম সাম্র্রাজ্যের শস্য ভান্ডার ছিল। লবণাক্ততার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে তা এখন সবচেয়ে বড় মরুভূমি হয়েছে। আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে ভারত একতরফাভাবে উজানে পানি সরিয়ে নেয়ায় বাংলাদেশে নদী প্রবাহ মারাত্মকভাবে কমে যাচ্ছে। বক্তারা হিমালয় থেকে বয়ে আসা নদীগুলোর অববাহিকায় অবস্থিত সব দেশের মানুষের কল্যাণে অববাহিকাভিত্তিক সমন্বিত পানি ব্যবস্থাপনার উপর কৌশলপত্র তৈরির আহবান জানান।