‘সকল প্রকল্প স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের আশ্বাস দিল সরকার’

উন্নয়ন সহযোগীদের অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে সরকার। শুধু উন্নয়ন প্রকল্পেই নয়, সকল ক্ষেত্রেই স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। গতকাল রবিবার শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে দাতাসংস্থা ও সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠিত স্থানীয় পরামর্শক গ্রুপের (এলসিজি) বৈঠক শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, দাতাদের সঙ্গে সরকারের এটি একটি ধারাবাহিক বৈঠক। গত মাসেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গতকালকের বৈঠকে পদ্মা সেতু নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। তবে চলমান সকল প্রকল্প স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের বিষয়ে দাতাদের অবহিত করা হয়েছে। তিনি বলেন, ২০১০ সালে অনুষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন ফোরামে (বিডিএফ) খাতভিত্তিক ১৮টি ওয়ার্কিং গ্রুপ করা হয়েছিল। এসব ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম বাস্তবায়নের জন্যই এ ধরনের বৈঠকের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয়ার পর সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগীদের এটাই প্রথম বৈঠক।