ইরাকে হামলায় নিহত ৩৩

ইরাকের কিরকুকে গতকাল রবিবার আত্মঘাতী গাড়ি বোমা হামলা এবং পুলিশের ছদ্মবেশে বন্দুকধারীর হামলায় ৩৩ নিহত ও ৭০ জনের বেশি নিহত হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। কিরকুকে পুলিশ সদরদপ্তরের প্রবেশ পথে এক আত্মঘাতী হামলাকারীর বিস্ফোরক ভর্তি গাড়ি বিস্ফোরণ এবং পুলিশের ছদ্মবেশী বন্দুকধারীদের হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। পুলিশ কর্মকর্তারা জানান, জঙ্গিরা পুলিশ দপ্তর দখল করে নিতে চেয়েছিল। কিন্তু তা করতে পারেনি। হামলায় এক পুলিশ প্রধান আহত হয়েছেন। হামলার দায় কেউ স্বীকার করেনি। খবর রয়টার্স। আরব, কুর্দি ও তুর্কি অধিবাসীদের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরটিতে গত কয়েক সপ্তাহে এটি তৃতীয় বড় হামলার ঘটনা। শহরটি রাজধানী বাগদাদ কেন্দ্রিক কেন্দ্রীয় সরকার শাসিত এলাকা ও স্বায়ত্তশাসিত কুর্দিস্তান এলাকার মাঝামাঝি বিরোধপূর্ণ এলাকায় অবস্থিত। গতকালের ঘটনা সম্পর্কে পুলিশের এক কর্মকর্তা বলেন, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে পুলিশ সদরদপ্তরের প্রবেশ পথে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই বিস্ফোরক বেল্ট পরা আরেক হামলাকারীরা একে ৪৭ রাইফেল ও গ্রেনেড নিয়ে হামলা চালিয়ে দপ্তরে প্রবেশের চেষ্টা করে। দপ্তরের রক্ষীদের গুলিতে তারা নিহত হয়। ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে পুলিশ সদরদপ্তরের সামনের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়, প্রাঙ্গণে রাখা গাড়িগুলো ধ্বংস হয়। কিরকুকে বেশ কয়েকটি সশস্ত্র দল তত্পর, এদের মধ্যে আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি বিদ্রোহীরা অন্যতম। এই গোষ্ঠীটি শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সরকারকে বেকায়দায় ফেলা ও আন্তঃসমপ্রদায়গত উত্তেজনা বৃদ্ধির জন্য প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।