আইনের শাসনে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে

সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এএএইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, আইনের শাসনের ক্ষেত্রে পাকিস্তানের চেয়েও বাংলাদেশ এগিয়ে আছে। হাইকোর্টের রিট আদেশের ফলে দেশে ধর্ষণের মতো ঘটনা কমে যেতে শুরু করেছে। সিলেটে মহানগর দায়রা জজ আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও শ্রম আদালত প্রতিষ্ঠার ব্যাপারে তিনি একমত প্রকাশ করে বলেন, তিনি বিষয়গুলো প্রধান বিচারপতির নজরে আনবেন। শনিবার সিলেট সার্কিট হাউসে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি দেওয়ান গোলাম রব্বানী কামাল, বার কাউন্সিলের কমপ্লেইন ও ভিজিলেন্স কমিটির সাবেক চেয়ারম্যান ও সিলেটের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।