স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের উন্নয়ন কাজে শ্রমিকদের যথেষ্ট ভূমিকা রয়েছে। শ্রমিকরা কাজ না করলে দেশের উন্নয়ন হতো না। ন্যায্য মজুরি শ্রমিকদের অধিকার, তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার। বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের আয়োজনে মহান শ্রমিক দিবসের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, শ্রমিকের বাসস্থানের নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। পাশাপাশি শ্রমিকদের উন্নয়নেও ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সমাবেশে সড়ক দুর্ঘটনায় আহত ও পঙ্গু হওয়া ২০ জন শ্রমিককে আড়াই হাজার করে টাকা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
জেলা শ্রমিকলীগের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।