গল্প নয় সত্যি
ফেসবুক দেখে যায় চেনা!
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৫
গেল ক’বছরে সামাজিক যোগাযোগের সাইট হিসেবে ফেসবুকের জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি বেড়েছে ফেসবুকে মানুষের নানাবিধ আচরণ বিশ্লে¬ষণের হারও। আর ফেসবুকে মানুষের আচরণ নিয়ে করা এমনই এক সাম্প্রতিক গবেষণায় ইউনিভার্সিটি অব মিসৌরির একদল গবেষক জানিয়েছেন, ফেসবুকের একজন ব্যবহারকারী কোনো ধরনের মানসিক অসুস্থতায় ভুগছেন কি না সেটি তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারের ধরন এবং ব্যবহারকারীর দেওয়া পোস্ট, ছবি বা স্ট্যাটাস বিশ্লে¬ষণ করে কিছুটা হলেও জানা সম্ভব। গবেষণার অংশ হিসেবে গবেষকরা ২০০ জন কলেজ শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করেন এবং তাদের ফেসবুক পেইজের পোস্টগুলো প্রিন্ট আকারে সংগ্রহ করেন। তবে নিজেদের এই পোস্ট বা স্ট্যাটাসগুলো প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের তাদের ইচ্ছেমতো যেকোনো পোস্ট বা স্ট্যাটাস বাদ দেওয়া বা লুকিয়ে ফেলার সুযোগ দেওয়া হয়। আর এভাবে কে কবে কী পোস্ট করেছেন বা কে কোন পোস্টটি লুকাতে চাইছেন তা বিশ্লেষণ করে সেটি ব্যবহারকারীদের বাস্তব আচরণের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেন গবেষকরা। এতে দেখা যায়, যারা ফেসবুকে খুব একটা ছবি পোস্ট করেন না বা যাদের বন্ধু সংখ্যা খুব কম এদের অধিকাংশের মধ্যেই বাস্তব জীবনে সামাজিক যোগাযোগ এড়িয়ে চলতে দেখা যায়। শুধু তাই নয়, এদের মধ্যে থাকে নিজস্ব এবং অদ্ভুত কিছু বিশ্বাসও। অন্যদিকে যারা বাস্তব জীবনে নানা ধরনের মানসিক অস্থিরতায় ভোগেন তারা কোন পোস্টটি লুকিয়ে রাখবেন আর কোনটি প্রকাশ করবেন সে বিষয়েও অস্থিরতা বা দ্বিধা-দ্বন্দ্ব বোধ করছিলেন। একইভাবে যারা ফেসবুকে অন্য বন্ধু বা পেজের তথ্য বা ছবি খুব বেশি মাত্রায় শেয়ার করেন তারাও এক ধরনের মানসিক অসুস্থতার লক্ষণ বহন করেন বলে জানিয়েছেন গবেষকরা। এদিকে সামাজিক যোগাযোগের সাইটে মানুষের আচরণ থেকে তার মানসিক সুস্থতা সম্পর্কে ধারণা নেওয়ার বিষয়টিকে এখনও পুরোপুরি সমর্থন না করলেও এ বিষয়ে কাজ করা চিকিত্সকেরা মনে করেন, আধুনিক যুগে সামাজিক বিভিন্ন আয়োজন বা আড্ডায় মানুষের উপস্থিতির হার কমে যাওয়া অদূর ভবিষ্যতে ভার্চুয়াল সামাজিকতার জগতই মানুষের আচরণ বিশ্লে¬ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।