ভালুকায় অবৈধ
প্যাথলজির ছড়াছড়ি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৭
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের পাশে অবৈধ ভাবে গড়ে উঠেছে বেশ ক’টি প্যাথলজি সেন্টার। আর এসব প্যাথলজি সেন্টারে প্রতিনিয়ত সেবা নিতে এসে প্রতারিত হচ্ছে সর্বসাধারণ। নামসর্বস্ব এসব প্যাথলজিতে নেই কোন টেকনিশিয়ান বা প্যাথলজিস্ট। পরীক্ষা-নিরীক্ষার জন্য নেই প্রয়োজনীয় মেশিন ও রি-এজেন্ট। স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে স্বাস্থ্য বিভাগের লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে ওই সব সেন্টারগুলো ব্যবসা করে আসছে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে গড়ে উঠেছে ৫টি প্যাথলজিক্যাল সেন্টার। এগুলো হচ্ছে, কনক ল্যাব, খীরু ডায়াগনস্টিক সেন্টার, মিরা ডায়াগনস্টিক সেন্টার, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার ও রেজা ডায়াগনস্টিক সেন্টার। ৫টি প্যাথলজিক্যাল সেন্টারের মধ্যে শুধুমাত্র মিরা ডায়াগনস্টিক সেন্টারটি বৈধ। অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠা ওই সব প্যাথলজির অনেকগুলোতেই রোগীদের জন্য নেই টয়লেটের ব্যবস্থা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম মোস্তফা কামাল অবৈধ প্যাথলজির কথা স্বীকার করলেও হাসপাতালে কর্মরত ডাক্তার ও কর্মচারীদের কমিশন প্রদানের বিষয়টি অস্বীকার করেন।