আবারও পয়েন্ট খোয়াল বার্সা

লিওনেল মেসির টানা ১২তম ম্যাচে গোল করার দিনে লা লিগায় আবারও পয়েন্ট খোয়াতে হয়েছে বার্সেলোনাকে। ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তালায় গত রবিবারের ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকদের সাথে। আর বার্সার ড্রয়ের সুযোগ নিয়ে তাদের সঙ্গে ব্যবধানটা কমিয়ে এনেছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল বেটিসকে তারা ১-০ গোলে পরাজিত করেছে। হারা কি জিনিস যেন ভুলেই গিয়েছিল ক্যাটালানরা। বহুদিন পরে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে হারের পরে গত ম্যাচে ওসাসুনাকে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরেছিল তারা। তবে এর ঠিক পরের ম্যাচেই আবারো হোঁচট খেতে হলো তাদের। এবার তাদের প্রতিপক্ষ ছিল পয়েন্ট টেবিলে ছয় নাম্বারে থাকা দল ভ্যালেন্সিয়া। মাত্রই গত ম্যাচে গ্রেনাডার বিরুদ্ধে ১-০ ব্যবধানে হারা রিয়াল মাদ্রিদের মতো বার্সার খেলায়ও ছিল সর্বশেষ ‘এল ক্লাসিকো’র প্রভাব। ঐ ম্যাচের ধকল কাটিয়ে উঠতেই কিনা বার্সা এ ম্যাচে তাদের নিয়মিত অধিনায়ক কার্লোস পুয়োলকে বিশ্রামে রাখে। তার শূন্যস্থান পূরণের জন্য সেন্ট্রাল ডিফেন্সে জেরার্ড পিকের সঙ্গী হিসেবে আর্জেন্টিনার হ্যাভিয়ের ম্যাচেরানোকে মাঠে নামান সহকারি কোচ জর্ডি রৌরা। রৌরার চমকের এখানেই শেষ নয়। ডেভিড ভিলা এবং অ্যালেক্সিজ সানচেজের বদলে আক্রমণে তুলে আনা হয় মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকে। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা খেলতে থাকে তাদের প্রথাগত আক্রমণাত্মক ভঙ্গিতেই। অন্যদিকে ভ্যালেন্সিয়া দুই উইঙ্গার হোসে গুয়ার্দাদো এবং হুয়ান বার্নাটের পায়ে ভর করে আক্রমণ শানাতে থাকে। বেশ কিছু সুযোগ সৃষ্টি করার পরে অবশেষে বার্সার গোলমুখ খুলতে সমর্থ হয় তারা। পিকে একটি বল ক্লিয়ার করতে গিয়ে ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন খেলোয়াড় ইভার বানেগার পায়ে তুলে দিলে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন বানেগা। যখন মনে হচ্ছিল ঘরের মাঠে সপ্তাহ দুয়েকের ব্যবধানে দ্বিতীয় পরাজয় নিয়েই বার্সাকে মাঠ ছাড়তে হচ্ছে তখনই সমতা ফেরায় তারা। বক্সের এক প্রান্তে পেদ্রো রড্রিগেজকে সফরকারি দলের জোয়াও পেরেইরা ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। সেই পেনাল্টি থেকেই নিজের টানা গোল করার রেকর্ডকে ১২তম দিনে উন্নিত করেন টানা চারবারের ফিফা বর্ষসেরা মেসি। ম্যাচের বাকি সময় দুই দলই নিজেদের পক্ষে ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও সফল হতে পারেনি। ম্যাচে নিজেদের বাজে পারফরম্যান্সের জন্য ‘এল ক্লাসিকো’র ধকলকেই দায়ী করলেন টিটো ভিলানোভার বদলে কোচের দায়িত্বে থাকা রৌরা। তার দল সেরা ফর্মে ছিল না জানিয়ে বলেন, ‘এটা অবশ্যই সত্য যে কঠিন একটা ম্যাচ খেলার পরে আমরা আজ মাঠে নেমেছিলাম। এ ধরনের ম্যাচগুলো সব সময়ই আপনার শক্তির সবটুকু নিংড়ে নেবে। ম্যাচের প্রথমার্ধে মাঠে মনোযোগ দেয়াই আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। তবে সময় গড়ানোর সাথে সাথে আমরা ম্যাচে ফিরতে থাকি।’ ন্যূনতম পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেও অখুশি নন জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমরা এখানে জিততে এসেছিলাম। তবে এ মাঠে জেতা সবসময়ই কঠিন এবং ম্যাচের ফল নিয়ে আমি অখুশি নই।’ এ ড্রয়ের ফলে ২২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৫৯। সমান সংখ্যক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫০। ঘরের মাঠে এ মৌসুমে একটি ম্যাচও না হারা অ্যাটলেটিকো ডিয়েগো কোস্তার দ্বিতীয়ার্ধের গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। এ জয়ের ফলে ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াল ৭। নিজ নিজ খেলায় জয় পেয়েছে সেভিলা এবং রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে মালাগা ১-১ গোলে ড্র করেছে রিয়াল জারাগোজার বিপক্ষে। রবিবারের ফলাফল মালাগা ১ রিয়াল জারাগোজা ১ সেভিয়া ২ রায়ো ভায়েকানো ১ ভ্যালেন্সিয়া ১ বার্সেলোনা ১ অ্যাটলেটিকো মাদ্রিদ ১ রিয়াল বেটিস ০ রিয়াল সোসিদাদ ৩ মার্য়োকা ০