মিসরকে আরো ৪টি এফ-১৬ বিমান দিয়েছে যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৯
মিসরের সেনাবাহিনীকে সামরিক সহায়তার অংশ হিসেবে চারটি অত্যাধুনিক সমরবিমান এফ-১৬ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা অব্যাহত থাকলেও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অটুট রয়েছে বলে এর মধ্যদিয়ে ইঙ্গিত পাওয়া গেল। কায়রোয় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সম্মানে এফ-১৬ বিমান সরবরাহ উপলক্ষ্যে রোববার যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দফায় চারটি এফ-১৬ বিমান সরবরাহ করা হয়। চুক্তি অনুযায়ী এ বছরের শেষ নাগাদ আরো ১৬টি বিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত মিশরকে ২২৪টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি মিসর মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা ও নেতৃত্বের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করবে।’ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অক্টোবরে ‘ব্রাইট স্টার’ শিরোনামে একটি যৌথ সামরিক প্রশিক্ষণের ব্যাপারেও আলোচনা করেছেন বলে মিসরীয় সেনাসূত্র জানিয়েছে। প্রতি দুই বছর অন্তর ‘ব্রাইট স্টার’ প্রশিক্ষণের আয়োজন করে যুক্তরাষ্ট্র ও মিসর। সূচি অনুযায়ী ২০১১ সালে সেটি হওয়ার কথা থাকলেও মিসরের রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পটপরিবর্তনের কারণে তা আয়োজন করা সম্ভব হয়নি।