উত্তীর্ণ হয়েও কুড়িগ্রামে সাড়ে ৮শ’ শিক্ষক নিয়োগ পাননি

বিগত ৩ বছর পূর্বে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগদান অনিশ্চিত হয়ে পড়ায় বিক্ষুব্ধ প্যানেলভুক্ত প্রায় সাড়ে ৮শ’ প্রার্থী নিয়োগের দাবিতে রবিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ-সমাবেশ করে। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক বরাবর একটি স্মারকলিপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের হাতে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালে অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রায় ১ হাজার ৪২ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। পরে পর্যায়ক্রমে মাত্র ২শ’ উত্তীর্ণ প্যানেল সদস্যকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়। এরপর প্রায় ৩ বছর পার হতে চললেও অবশিষ্ট প্রায় সাড়ে ৮শ’ প্রার্থীর চাকরিতে নিয়োগ অনিশ্চিত হয়ে পড়ে।