সিরিয়ায় বিমান হামলা
ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ এরদোগানের
আল জাজিরা, বিবিসি ও রয়টার্স
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৯
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগান সিরিয়ায় বিমান হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ অভিযোগ করেছেন। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অভিযোগ করেছেন, তার দেশে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে ইসরাইল। তবে এই হুমকি মোকাবিলায় সিরিয়ার সেনাবাহিনী প্রস্তুত বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এরদোগান বলেন, ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাস করার একটা মানসিকতা আছে। এখন এটা যেকোনো স্থানে হতে পারে। তিনি আরো বলেন,আকাশসীমা লঙ্ঘনকে আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করতে পারি না। ইসরাইল যা করেছে তা পরিষ্কারভাবেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এটা নিন্দার ঊর্ধ্বে। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত রবিবার অভিযোগ করেছেন, তার দেশে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে ইসরাইল। তবে এই হুমকি মোকাবিলায় সিরিয়ার সেনাবাহিনী প্রস্তুত বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। গত সপ্তাহে সিরিয়ার একটি সামরিক গবেষণাকেন্দ্র ও গাড়িবহরে ইসরাইলের বিমান হামলার পর ওই হামলার ব্যাপারে এটাই তার প্রথম প্রতিক্রিয়া। বাশার বলেন, গত বুধবারের হামলার মধ্যদিয়ে ইসরাইলের সত্যিকারের চেহারা ফুটে উঠেছে। ইহুদি রাষ্ট্রটি সিরিয়ায় অস্থিরতা ছড়াচ্ছে। সিরিয়াকে দুর্বল করে দেয়ার চেষ্টা করছে ইসরাইল। কিন্তু সিরিয়ার সেনাবাহিনী এই হুমকি ও আক্রমণ মোকাবিলার শক্তি রাখে।
ইসরাইলের আশঙ্কা, সিরিয়ায় গোলযোগের সুযোগে সেখানকার রাসায়নিক ও অত্যাধুনিক অস্ত্র হিজবুল্লাহ গেরিলাসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর হাতে চলে যেতে পারে। তা ঠেকাতে সিরিয়ায় হস্তক্ষেপ করা বাঞ্ছনীয় বলেই মনে করে ইসরাইল। পশ্চিমা কূটনীতিকসহ সিরিয়ার সরকার-বিরোধী বিদ্রোহীরা এবং বিভিন্ন নিরাপত্তা সূত্র বলছে, ইসরাইল গত বুধবার লেবানন সীমান্তের কাছে একটি গাড়িবহরে হামলা করে। হিজবুল্লাহর কাছে পাঠানো অস্ত্রবাহী ট্রাকে এ হামলা হয়। কিন্তু সিরিয়া সরকার বলছে, হামলার লক্ষ্য ছিল দামেস্কের উত্তর-পশ্চিমে একটি সামরিক গবেষণা কেন্দ্র।