কোয়ার্টার ফাইনালেই বিদায় দ্রগবাদের!
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০০
সোনালী প্রজন্মের শেষ সুযোগ বলা হচ্ছিল এবারের আফ্রিকান নেশন্স কাপকে। দিদিয়ের দ্রগবা, ইয়াইয়া তোরে, কোলো তোরে, সলোমন কালু; রীতিমতো ইউরোপিয়ান লিগের তারকায় খচিত এই আইভরি কোস্ট। কিন্তু কথিত এই সোনালী প্রজন্মের অর্জন বলতে কিছুই নেই। সর্বশেষ দুটি নেশন্স কাপের ফাইনালে টাইব্রেকারে হেরে কাঁদতে হয়েছিল তাদের। এবার কান্নাটাকে হাসিতে পরিণত করতে চেয়েছিলেন দ্রগবারা।
কিন্তু এবার আর ফাইনাল পর্যন্তই যেতে পারল না তারা। কোয়ার্টার ফাইনাল থেকেই আইভরি কোস্টকে বিদায় করে দিল নাইজেরিয়া। গত রবিবার রুস্তেনবার্গে টপ ফেবারিট আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সুপার ঈগলরা। এদিকে আরেক অঘটনের শিকার হয়েছে টোগো। তারা হেরে গেছে বুরকিনা ফাসোর কাছে। নেলসপ্রুটে অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানে তারা হারিয়ে দেয় ইমানুয়েল আদেবায়োরের টোগোকে।
আগামীকাল বুধবার আফ্রিকান নেশন্স কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে মালি-নাইজেরিয়া ও বুরকিনা ফাসো-ঘানা। সেই নব্বই দশকের ঔজ্জ্বল্য আর নেই নাইজেরিয়ার। এবার আফ্রিকান নেশন্স কাপে তাদের আন্ডারডগ বলেই ধরে নেয়া হয়েছিল। কিন্তু চমকে দিল তারা পুরো টুর্নামেন্টকেই। ইমানুয়েল এমেনিকে ৪৩ মিনিটে নাইজেরিয়াকে এগিয়ে দেন দারুণ এক গোলে। ৫০ মিনিটে অবশ্য আইভরি কোস্ট সমতায় ফেরে চিক টিয়োটের নৈপুণ্যে। তখন আবার জেগে উঠেছিল আইভরিয়ানদের স্বপ্ন। কিন্তু সে স্বপ্ন শেষ করে দিয়ে সানডে মম্বা ৭৮ মিনিটে নাইজেরিয়ার জয়সূচক গোলটি করেন।
বুরকিনা ফাসোর হয়ে অতিরিক্ত সময়ে হেড থেকে জয়সূচক গোলটি করেন জোনাথন পিট্রোইপা। ৯০ মিনিট গোল শূন্য থাকার পর ম্যাচটি অতিরিক্ত সময়ে (৩০ মিনিট) গড়ায়। অতিরিক্ত সময়ের ১৫ মিনিটে গোল পান জোনাথন।