নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-২
চারঘাটে অতিরিক্ত
টাকা আদায়ের
অভিযোগ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-২ চারঘাট জোনাল অফিসে বিদ্যুত্ বিলে অতিরিক্ত অর্থ লিখে গ্রাহকদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যুত্ বিলে অতিরিক্ত অর্থের শিকার গ্রাহকরা শনিবার চারঘাট প্রেসক্লাবে অভিযোগপত্রে জানান, উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মৃত রফিকুল ইসলামের বিদ্যুত্ বিলে ৯শত টাকার পরিবর্তে ১৬শ’ টাকা লেখা হয়েছে, ঝিকরা গ্রামের বজলুর রহমানের বিদ্যুত্ বিলে ১১৫ টাকার পরিবর্তে ৯২৯ টাকা লেখা হয়েছে এবং একই গ্রামের জাহাঙ্গির হোসেনের বিদ্যুত্ বিলে ৩১২ টাকার পরিবর্তে ৬২৯ টাকা লেখা হয়েছে।
উল্লেখিত বিদ্যুত্ গ্রাহকরা বিদ্যুত্ অফিসে অভিযোগ করলে অফিসের কর্মকর্তারা পুনরায় বিদ্যুত্ বিল তৈরি করে সংশোধন করে দেয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বিদ্যুত্ গ্রাহকরা জানান, নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-২ চারঘাট জোনাল অফিসের কম্পিউটার অপারেটররা অদক্ষ হওয়ায় বা বিদ্যুত্ রিডিং কর্মকর্তা ও কম্পিউটার অপারেটররা যোগসাজশে এলাকার অনেক বিদ্যুত্ গ্রাহকদের কাছ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে।
এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-২ চারঘাট জোনাল অফিসে উপ-মহাপরিচালক অরুণ কুমার কুণ্ডুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।