মোহামেডান শেখ জামাল ম্যাচ আজ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
পেশাদার ফুটবল লিগের ফিকশ্চার একটা অদ্ভুত নিয়মে চলছে। এক দিনে তিনটি ম্যাচ হচ্ছে। আবার আরেক দিন খেলাই থাকে না। বাফুফের পেশাদার লিগ কমিটি কী নিয়মে ফিকশ্চার প্রণয়ন করছে তা বুঝতে লিগ প্রায় শেষের পথে। যে কারণে যারা ফুটবল মাঠের নিয়মিত দর্শক তারা বিড়ম্বনায় পড়ছেন। অনেক দর্শক তো খেলার পর দিন জানতে পারছেন তার প্রিয় দলের খেলা হয়ে গেছে। গত বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার খেলা ছিল না। অথচ রবিবার এক দিনে তিন ম্যাচ হয়েছে। সোমবার খেলা রাখা হয়নি, ফাঁকা দিন গেছে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ।
এমন এক ফিকশ্চার প্রণয়ন করা হয়েছে যে, এই নিয়ম বুঝতে গিয়ে গলদঘর্ম হচ্ছেন দর্শকরা। কোনো ধারাবাহিতকা নেই। সাধারণ দর্শকদের হাতে ফিকশ্চার থাকছে না। স্টেডিয়ামে ‘আজকের খেলা’র বোর্ডে ঝুলতে থাকে তিন দিন আগের খেলার ফিকশ্চার। আর তা দেখে বিভ্রান্ত হচ্ছেন দর্শকরা। মোটা অংকের বেতন দিয়ে সাধারণ সম্পাদক রাখা হয়েছে। তারপরও দেখাভাল করার লোকের অভাব।