কিউবার নির্বাচনে ভোট দিলেন ফিদেল ক্যাস্ত্রো

কিউবার নির্বাচনে শুধু কমিউনিস্ট পাটি মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্ব্বিতা করতে পারে। পার্লামেন্টের ৬১২টি আসনে নির্বাচিত সদস্যরা কিউবার শীর্ষ পদগুলোর প্রার্থী মনোনীত করে থাকে। কিউবার পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ৮৬ বছর বয়সী সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রো। বেশ কয়েকমাস পর এই প্রথম জনসম্মুখে এলেন তিনি। রোববার শেষ বিকেলে কিউবার রাজধানী হাভানার একটি কেন্দ্রে তিনি ভোট দিতে আসেন বলে জানিয়েছে কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন। ভোট দেয়ার পর তিনি উপস্থিত ভোটার ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেন। কিউবার টেলিভিশনে সমপ্রচারিত ফুটেজে দেখা গেছে বয়সের ভারে ক্যাস্ত্রো কিছুটা কুঁজো হয়ে গেছেন, এ সময় তার পরনে ছিল ভারি চেক শার্ট ও নীল রঙের জ্যাকেট। তার কণ্ঠস্বরও ক্ষীণ ও দুর্বল হয়ে গেছে বলে বিবিসির হাভানা প্রতিনিধি জানিয়েছেন। ২০০৬ সালে অসুস্থ হওয়ার পর থেকে পরবর্তী তিনটি নির্বাচনে তিনি বাসা থেকেই ভোট দিয়েছিলেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কিউবার অর্থনৈতিক সংস্কার, লাতিন আমেরিকার ঐক্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ক্যাস্ত্রো উপস্থিত ভোটারদের প্রশংসা করেন ও বলেন, “কিউবার জনগণ প্রকৃত বিপ্লবী, তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। আমাদের তা প্রমাণের দরকার নেই, ইতিহাসই তা বলবে। পঞ্চাশ বছর ধরে অবরোধের মধ্যে বাস করেও তারা আত্মসমর্পণ করেনি।” চলে যাওয়ার আগে উল্লসিত জনতা তার গাড়ির চারপাশে ভিড় জমায়। তিনি গাড়িতে উঠে চলে যাওয়ার সময়ও জনতার উল্লসিত চিত্কার চলতে থাকে। কিউবার নির্বাচনে শুধু কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পার্লামেন্টের ৬১২টি আসনে নির্বাচিত সদস্যরা কিউবার শীর্ষ পদগুলোর প্রার্থী মনোনীত করে থাকে।