বি’বাড়িয়ার ১১ ছাত্রলীগ নেতার মৃত্যুবার্ষিকী
পালিত
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০২
সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাক্ষণবাড়িয়ার ১১ ছাত্রলীগ নেতাসহ ১২ জনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সোমবার তাদের স্মরণে স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়। পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী জেলা পরিষদের অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ এমদাদুল বারী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেতাকর্মীদের স্মরণে পরিবারের পক্ষ থেকে মিলাদ, কোরানখানি ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয় । পরে সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রলীগ একটি শোক র্যালি বের করে।
২০১১ সালের এদিনে ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সফরসঙ্গী হয়ে টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ব্রাহ্মণবাড়িয়ার ১১ ছাত্রলীগ নেতাকর্মীসহ ১২ জন।