খালেদা জিয়া সরকারের সঙ্গে কোনো ধরনের আপস করবেন না :মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন,বেগম খালেদা জিয়া যে মামলায় কারাবন্দি এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। তার সাথে যা কিছু করা হচ্ছে যত প্রকার অবিচার করা হচ্ছে সেগুলো সবই রাজনৈতিক। রাজনৈতিক কারণেই বেগম জিয়ার মুক্তি হচ্ছে না। বেগম জিয়া সরকারের সাথে কোনো ধরনের আপস করবেন না। বেগম জিয়া অসুস্থ ঠিকই কিন্তু তিনি মানুসিকভাবে খুবই শক্ত আছেন। আইনি প্রক্রিয়ায় যদি বেগম জিয়ার জামিন না হয় এবং তাকে মুক্তি করতে না পারি  তাহলে অবশ্যই আমাদের আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে ইনশা-আল্লাহ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বার কাউন্সিল অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি, শারীরিক সুস্থতা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট সানাউল্লাহ মিয়ার আশু রোগ মুক্তি কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।