মেঘনায় পাঁচ দিনে একুশ জেলে অপহূত

জলদস্যু বাহিনী সক্রিয় হয়ে উঠায় আবারো অশান্ত হয়ে উঠেছে ভোলার মেঘনা। গত ৫ দিনে মনপুরা ও চরফ্যাশনে জেলেদের ট্রলারে পৃথক ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যুরা অস্ত্রের মুখে ২১ জেলে অপহরণসহ ৫টি ট্রলার ছিনিয়ে নিয়ে যায়। হঠাত্ করেই জলদস্যুদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জেলেরা জানায়, গত ৩০ জানুয়ারি ভোরে মনপুরা ও হাতিয়ার মধ্যবর্তী সীমানায় জলদস্যু বাহিনী জেলেদের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি ট্রলারসহ গিয়াস মাঝি, ইউনুছ ও আব্দুর রবসহ ৪ জেলেক অপহরণ করে নিয়ে যায়। একই দিনে সন্ধ্যায় চরফ্যাশনের চর পিয়াল সীমানায় জলদস্যুরা ৩টি ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এসময় আরো ১০ জেলেকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। +চরফ্যাশন এলাকায় ডাকাতির ব্যাপারে দক্ষিণ আইচা থানার ওসি সুলতান আহমেদ জানান, পটুয়াখালীর সীমানায় দস্যুতার ঘটনা ঘটেছে। অপরদিকে মনপুরা থানার ওসি এসএম আজিজুল হক ডাকাতির ঘটনা ভোলার সীমানায় হয়নি বলে দায় এড়িয়ে যান। জলদস্যুতা নির্মূলে ভোলার উপকূলে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে ভোলার পুলিশ সুপার বশির আহমেদ জানিয়েছেন।