মাগুরায় অজ্ঞান পার্টির কবলে একটি পরিবার

মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে এক দল দুর্বৃত্ত ওহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে পরিবারের সকল সদস্যকে খাবারে চেতনা নাশক মিশিয়ে অজ্ঞান করে সোনার গহনা, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে। সোমবার সকালে গ্রামবাসী অচেতন অবস্থায় উক্ত পরিবারের চার সদস্যের সকলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। এরা হলো সাদ্দাম হোসেন (২৩), সাদেকুল ইসলাম (১৫), সোনিয়া বেগম (২৫) ও গৃহস্বামী ওহিদুল ইসলাম (৩০)। সাদ্দাম হোসেন জানান, রবিবার রাতে তার ভাবী সোনিয়া বেগম রান্না করার সময় এক অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে পানি চায়। ভাবী নলকূপে পানি আনতে গেলে উক্ত ব্যক্তি খাবারে কোন চেতনা নাশক মিশিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। রাতে পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়লে সকালে বেলা বাড়ার সাথে সাথে উক্ত বাড়ির সদস্যরা না ওঠায় গ্রামবাসী গিয়ে দেখেন বাড়ির দরজা খোলা এবং সকলে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। এ ব্যাপারে মাগুরা থানার ওসি জানায়, থানায় এখনও কেউ অভিযোগ করেনি।