মহালছড়িতে চলাচলের জন্য সাঁকোই একমাত্র ভরসা

মহালছড়ির দুরপর্যানালা গ্রামের মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকো একমাত্র ভরসা। বাঁশের সাঁকো না থাকলে যাতায়াত করা সম্ভব হয় না। সাঁকোটি এলাকাবাসী কোনমতে মেরামত করলেও কিছুদিন যেতে না যেতে ভেঙ্গে গেলে এপার থেকে ওপারে যাওয়া যায় না। দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষ এবং স্কুলগামী ছাত্র/ছাত্রীদের। থলিপাড়া থেকে দুরপর্যানালা পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সীমাহীন কষ্টে যাতায়াত করে আসছে সাধারণ মানুষ ও স্কুলগামী ছেলে-মেয়েরা। দুরপর্যানালা গ্রাম ছাড়া ও এই রাস্তায় বুয়ারটেক, কেঙ্গালছড়ি গ্রামের মানুষ কয়েকটি সাঁকো পার করে প্রতিদিন কয়েক হাজার লোক চলাচল করে। বিশেষ করে হাটেরদিন উত্পাদিত ফসল ২ কিলোমিটার রাস্তা কাঁধে বহন করে মহালছড়ি বাজারে বিক্রি করতে সীমাহীন কষ্ট ভোগ করতে হয় কৃষকদের। গ্রামের গরীব কৃষক ও স্কুল পড়ুয়া ছেলে-মেয়েদের সার্বিক দিক বিবেচনা করে রাস্তাটি সংস্কার করা জরুরি প্রয়োজন।