ক্যান্সার প্রতিরোধে একমাত্র সম্বল সচেতনতা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৫
গতকাল সোমবার পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস। এ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি হাসপাতালে সেমিনার ও সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার মরণব্যাধি হলেও প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে বেশিরভাগ প্রতিরোধ করা সম্ভব। চিকিত্সা বিজ্ঞানের উন্নতির ফলে এ রোগের দ্রুত শনাক্ত ও আরোগ্য লাভ সহজ হয়ে আসছে বলে সেমিনারে বক্তারা জানান। মহাখালী ক্যান্সার ইনস্টিটিউট ও ক্যান্সার সোসাইটি দিনব্যাপী দিবসটি উপলক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে। এ বছর ক্যান্সারের প্রতিপাদ্য বিষয়, ‘ক্যান্সার আপনি কি জানতেন?’ বিশ্বে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যান্সার। বিশেষজ্ঞ চিকিত্সকদের মতে, তামাক, ধূমপান, মাদক, ফাস্টফুড, জাস্কফুড, কোমল পানীয়, এনার্জি ড্রিংকস, মোড়কজাত কেমিক্যাল জুস, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও তেলে ভাজা খাবার এবং ভেজাল ও কেমিক্যাল সংমিশ্রণে তৈরি খাদ্যসামগ্রীর কারণে ক্যান্সার আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ সব খাদ্য বর্জন ও নিয়মিত ব্যায়াম করলে মরণব্যাধি ক্যান্সার থেকে রক্ষা পাওয়া সম্ভব। সচেতনতা এ রোগ প্রতিরোধের একমাত্র উপায় বলে বিশেষজ্ঞ চিকিত্সকরা অভিমত ব্যক্ত করেন।
ল্যাবএইড হাসপাতালে সেমিনার : ল্যাবএইড হাসপাতালের অডিটরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে ক্যান্সার রোগের ভয়াবহতা, সচেতনতা ও চিকিত্সা বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারে অধ্যাপক ডা. এম. খাদেমুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোসাররফ হোসেন, অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন, ডা. মো. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. সৈয়দ এম. আকরাম হোসেন, ডা. এএফএম কামাল উদ্দিন ও হাসপাতালের পরিচালক আল এমরান চৌধুরী এবং সিনিয়র ব্যবস্থাপক ইফতেখার আহমেদ। আরো ছিলেন গণমাধ্যম কর্মীসহ অন্য পেশাজীবীরা।
মেডিক্যাল বিশ্ববিদ্যালয় : এ দিবসটি উদযাপন উপলক্ষে শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মানববন্ধন-এর আয়োজন করে। এ মানববন্ধন এবং শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ অনকোলজি, গাইনী, অনকোলজি, ডেনটিস্ট্রি অনুষদ ছাড়াও ঢাকা মেডিক্যাল কলেজের শিশু ও হেমাটোলজী ও অনকোলজি বিভাগ যোগ দেয়। এ প্রসঙ্গে আরো উল্লেখ্য যে, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ ক্যান্সার রোগীদের উপহার দেয় এবং অভিভাবকদের সাথে একটি আলোচনা সভার আয়োজন করে।
আহছানিয়া মিশন : আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল গতকাল বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিশনের গভর্নিং বডির চেয়ারম্যান ব্যারিস্টার রফিকুল হক ও ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ইউনাইটেড হাসপাতাল : ইউনাইটেড হাসপাতালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান ক্যান্সার সচেতনতা বুথ উদ্বোধন করেন ইউনাইটেড হাসপাতালে। ক্যান্সার যুদ্ধে জয়ী ৫২ জন বিজয়ী বীর অংশ নেন এই মিলন মেলায়। ক্যান্সার যুদ্ধে জয়ী হবার সেই কঠিন দিনগুলোর সহজ স্মৃতি চারণ করলেন ক্যান্সার বিজয়িগণের অনেকে।