প্রাইজবন্ড পুরস্কারের অর্থ দ্রুত পরিশোধের নির্দেশ

প্রাইজবন্ড পুরস্কারের অর্থ প্রাপককে দ্রুত পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার তফসিলী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় রক্ষিত তফসিলী ব্যাংকসমূহের চলতি হিসাবের মাধ্যমে সরাসরি প্রাপকের হিসাবে জমা করার বিধান চালু করেছে। কিন্তু কোন কোন তফসিলী ব্যাংক তাদের সংশ্লিষ্ট শাখার গ্রাহকের হিসাবে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ স্থানান্তরের ক্ষেত্রে অহেতুক সময় ক্ষেপণ করছে। তাই কেন্দ্রীয় ব্যাংক প্রাইজবন্ড পুরস্কারের অর্থ যথাসম্ভব দ্রুত প্রাপকের হিসাবে জমা করার ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসকে জরুরি ভিত্তিতে নির্দেশ দিতে ব্যাংকের প্রধান নির্বাহীদের পরামর্শ দেয়া হয়েছে।