কর্ণফুলী পেপার মিলে ট্যাংক বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

কাপ্তাই কর্ণফুলী পেপার মিলে কেমিক্যাল সেলে হাইড্রোজেন ট্যাংক বিস্ফোরণে ২ শ্রমিক নিহত ও অপর ২ জন আহত হয়েছে। নিহতের মধ্যে ওবায়েত মিয়া (৫৫) ঘটনাস্থলে মারা যায়। অপর শ্রমিক রবিউল হোসেন (৩৫) চন্দ ঘোনা মিশন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। কর্ণফুলী পেপার মিলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন জানান, গতকাল সোমবার সকালে মিলের কেমিক্যাল সেলে ওয়েল্ডিংয়ের সময় আকস্মিকভাবে হাইড্রোজেন ট্যাংক বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কেপিএম এর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার টেলিফোনে কেপিএম এর শ্রমিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টেলিফোন বার্তায় তিনি নিহত দুই জনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নিহত দুই শ্রমিকের বাড়ী নোয়াখালী। আহত দুইজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা কেপিএম’এ ঘটনাস্থলে যান। তিনি নিহত দুই শ্রমিকের জন্য ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেন।