পাকিস্তানে আবার ‘গণবিপ্লবে’র ডাক দিলেন কাদরি

পাকিস্তানে হঠাত্ আলোড়ন সৃষ্টিকারী ধর্মীয় নেতা ও পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) প্রধান ড. তাহিরুল কাদরি দ্বিতীয় পর্যায়ের ‘গণবিপ্লবের’ ডাক দিয়েছেন। এই বিপ্লবের জন্য এ মাসে তিনি চারটি মিছিল বের করবেন। প্রথম মিছিলটি বের হবে ১৫ ফেব্রুয়ারি গুজরানওয়া-লায়। ১৭ ফেব্রুয়ারি ফয়সালাবাদে, ২২ ফেব্রুয়ারি মুলতানে ও ২৪ ফেব্রুয়ারি পেশোয়ারে মিছিল করা হবে। খবর ডন-এর। গতকাল সোমবার লাহোরে এক সাংবাদিক সম্মেলনে তিনি নতুন কর্মসূচি ঘোষণা করে বলন, পাকিস্তানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ‘বিপ্লব’ শুরু হয়ে গেছে। বিপ্লব ছিনিয়ে নেয়া অসম্ভব। সংবিধানের ৩ ও ৩৮ অনুচ্ছেদ লঙ্ঘন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের দরিদ্রবিরোধী ব্যবস্থা অবশ্যই পাল্টাতে হবে। তার দল আসন্ন নির্বাচন বন্ধ করতে চায় না এবং সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষেই আছে। তিনি প্রায় একদশক ধরে কানাডায় বাস করছেন এবং সে দেশেরই নাগরিক। গত ১৪ জানুয়ারি তিনি পার্লামেন্ট অভিমুখে লং মার্চ করেন। সরকারকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে জ্বালাময়ী ভাষণ দেন।