অনুষ্ঠান না করাটা বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত, আমি জানিয়েছি মাত্র :অধ্যক্ষ

ভিকারুন নিসা নূন স্কুলে চলতি বছর সরস্বতী পূজা অনুষ্ঠান না করার বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, বেশ কিছু শিক্ষার্থী ও অভিভাবক এ প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠান করার আবেদন জানিয়েছিল। ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমি তাদের আবেদনের বিষয়টি বোর্ড মিটিংয়েও উত্থাপন করি। সার্বিক বিষয় বিবেচনা করে বোর্ড সভা সরস্বতী পূজা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেননি। বোর্ড সভার সর্বসম্মত সিদ্ধান্ত আমি আবেদনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের জানিয়েছি। বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তের বাইরে আমার করার কিছুই ছিল না। তথ্য অনুযায়ী, ভিকারুন নিসা নূন স্কুলের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেননের সভাপতিত্বে উক্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সভায় কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। গতকাল সোমবার বেইলী রোডস্থ প্রতিষ্ঠানের প্রধান শাখায় নিজ কক্ষে বসে এই প্রতিবেদককে অধ্যক্ষ জানান, এ প্রতিষ্ঠানে শুধু বার্ষিক মিলাদ হয়। এছাড়া ইসলাম ধর্মসহ অন্য কোন ধর্মীয় অনুষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে পালন করা হয় না। এ কারণে চলতি বছর এ ধরনের কোন অনুষ্ঠান করার জন্য প্রতিষ্ঠান প্রস্তুত ছিল না। অধ্যক্ষ জানান, আমরা পার্শ্ববর্তী অন্যান্য প্রতিষ্ঠানেও খোঁজ নিয়ে জেনেছি, সে সব প্রতিষ্ঠানেও এ ধরনের কোন অনুষ্ঠান হয় না। তবে বোর্ড সভা সিদ্ধান্ত নিয়ে আগামীতে এ ধরনের অনুষ্ঠান করা যেতেই পারে। তিনি বলেন, সব ধর্মের প্রতি আমাদের মমত্ববোধ আছে। কোন ধর্মকে খাটো করার কোন সুযোগ নেই।