মালালা সুস্থ হয়ে উঠছে, মাথায় সফল অস্ত্রোপচার

পাকিস্তানের সাহসী কন্যা মালালা ইউসুফজাইয়ের মাথায় অস্ত্রোপচার সফল হয়েছে। যুক্তরাজ্যের বার্মিংহাম হাসপাতালে গত রবিবার তার মাথার খুলিতে টিটেনিয়াম প্লেট ও কোচলিয়ার প্রতিস্থাপন করা হয়। হাসপাতালের মুখপাত্র জানান, মালালা সুস্থ হয়ে উঠছে এবং অস্ত্রোপচারের পর তার অবস্থা স্থিতিশীল। ডাক্তাররা তার চিকিত্সায় সন্তুষ্ট। এই হাসপাতালে কয়েক সপ্তাহ চিকিত্সার পর গত মাসে সে হাসপাতাল ছাড়ে। অকুতোভয় শিক্ষা অধিকার কর্মী মালালাকে (১৫) গত বছরের অক্টোবরে তালেবান জঙ্গিরা গুলি করে। খবর বিবিসি’র। মালালা তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করেন পাকিস্তানিদের। তালেবানরা দেশটিতে নারী শিক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে মালালা তার প্রতিবাদ করেন। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় তাকে হত্যার জন্য গুলি করে তালেবান জঙ্গিরা। মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ মালালাকে গুরুতর অবস্থায় লন্ডনের বার্মিংহামে এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। মালালাকে দেখতে হাসপাতালে যান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। মালালার পরিবার এখন ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডে বসবাস করছে। তার পিতাকে যুক্তরাজ্যে পাকিস্তান কনস্যুলেটে নিয়োগ দেয়া হয়েছে।