মধ্যম আয়ের দেশ হতে বাংলাদেশের চাই ৮-৯ শতাংশ প্রবৃদ্ধি

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব মিশন উইলিয়াম হান্না বলেছেন, মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করতে হবে। তিনি গতকাল সোমবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নতুন চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলীর সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক সৈয়দ জামাল আহমেদ, মাহফুজুল হক শাহ, আশিক ভুঁইয়া, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. জহুরুল আলম, জাহেদ হোসেন মিয়া, ক্যাপ্টেন শফি চৌধুরী ও আফসার হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। ইউরোপীয় রাষ্ট্রদূত আরো বলেন, সামগ্রিক উন্নয়নের জন্য বাংলাদেশকে এফডিআই আকর্ষণ, বিনিয়োগবান্ধব ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদ্যমান মানবসম্পদকে প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগাতে হবে। এছাড়াও তিনি রুল অব অরিজিনের সদ্ব্যবহার করে ইউরোপীয় বাজারে বাংলাদেশি পণ্যের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে পণ্য বহুমুখী করণের প্রতি গুরুত্বারোপ করেন।