আরব আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ পাচ্ছেন ২২ হাজার বাংলাদেশি!
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকরা কূটনৈতিক মিশনের মাধ্যমে সাধারণ ক্ষমার সুযোগ পেতে আবেদন করেছেন। এদের মধ্যে প্রায় ২২ হাজার বাংলাদেশি কর্মী রয়েছে।
গতকাল গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সাধারণ ক্ষমা প্রাপ্তদের সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করবে। তবে সাধারণ ক্ষমার জন্য সবচে বেশি আবেদন করেছে বাংলাদেশের কর্মীরা। এছাড়া ৫ হাজার ৪৬৫ জন পাকিস্তানি ও ৩ হাজার ৩শ ভারতীয় নাগরিক সাধারণ ক্ষমার আবেদন করেছেন। তবে সময়সীমা বাড়ানো হবে ভেবে অনেকেই এখনো ক্ষমাপ্রার্থনা করেননি।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল কাউনাইনকে উদ্ধৃত করে গালফ নিউজ জানায়, গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে ‘ট্র্যাভেল পাস’ দেয়া হয়েছে। সব মিলিয়ে ২২ হাজারের বেশি বাংলাদেশি এই সাধারণ ক্ষমতার আওতায় দেশে ফিরতে পারবেন বলে আশা করছেন দূতাবাস কর্মকর্তারা। এর আগে ২০০৭ সালে ৪০ হাজার বাংলাদেশি এ ধরনের সাধারণ ক্ষমার সুযোগ নেন। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে সাত লাখ বাংলাদেশি রয়েছেন।
জানা গেছে, দূতাবাস বা কনস্যুলেট থেকে ‘ট্র্যাভেল পাস’ সংগ্রহের পরই তা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষের কাছে আবেদন করলে দেশ ত্যাগের অনুমতি পাবেন অবৈধ অভিবাসীরা। উল্লেখ্য, গতকালের পর দেশটিতে কোন অবৈধ অভিবাসী ধরা পড়লে তাকে ভিসা আইন অমান্যের জন্য দৈনিক ১০০ দিরহাম ও অবৈধভাবে থাকার জন্য দৈনিক ৫০ দিরহাম করে জরিমানা দিতে হবে।