পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে হরতাল প্রতিহত করবে :শেখ সেলিম
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি জামায়াতের আজকের হরতালের বিরুদ্ধে হুঁশিয়ারি করে বলেছেন, মাঠে নামেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও মাঠে থাকবে। পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে যুদ্ধাপরাধীদের রক্ষার এ হরতাল প্রতিহত করবে। হরতাল, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার কেউ বানচাল করতে পারবে না।
গতকাল সোমবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ ীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কামনা করার প্রতিবাদে যুবলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে ঘোষণা করা হয়, আজ যুবলীগ রাজপথে থাকবে। স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির যদি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জনবিচ্ছিন্ন হয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ জন্য জাতির কাছে ক্ষমা না চাইলে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচার হবে। বাংলার মাটিতে বিপক্ষের শক্তি কখনো টিকে থাকেনি।
তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, এখনো সময় আছে সত্ পথে আসুন। বর্তমান সরকার জঙ্গিবাদ যখন দমন করতে পেরেছে তখন যুদ্ধাপরাধীদের দোসরদেরও দমন করতে সক্ষম হবে। তিনি বলেন, বিশ্বের যেকোন দেশের চেয়ে অধিক স্বচ্ছভাবে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। শেখ হাসিনা মানুষের কাছে এ বিচারের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। যে কোন মূল্যে এ বিচার সম্পন্ন করা হবে। কোন অপশক্তি বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপির মধ্যে থাকা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে থাকা আপনাদের মানায় না।
শেখ সেলিম বলেন, গণতান্ত্রিক সরকারকে হটিয়ে খালেদা জিয়া কোন্ সরকার আনতে চান? একজন মানুষ জীবিত থাকতেও এ দেশে কোন পরাশক্তিকে প্রশ্রয় দেয়া হবে না। এদেশের মাটি ও মানুষের প্রতি খালেদা জিয়ার বিন্দুমাত্র দরদ নেই।
যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেছেন, ভাষার মাসে বেগম খালেদা জিয়া দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিবন্ধ লিখলেন। তাও এমন একটি পত্রিকায় যা মৌলবাদী পত্রিকা হিসেবে খ্যাত। সেই মৌলবাদী পত্রিকায় খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিলেন।
যুবলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুবলীগ নেতা ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি প্রমুখ।