হরতালে বিজিএমইএ ও বিকেএমইএ’র উদ্বেগ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৩
জামায়াতে ইসলামীর আজকের হরতাল ও পরবর্তী পর্যায়ে লাগাতার হরতালের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক উত্পাদকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তৈরি পোশাক খাতের চলমান পরিস্থিতি বিবেচনা করে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে উভয় সংগঠন। বিবৃতিতে বলা হয়, গত ডিসেম্বর মাসে ৩ দিন হরতাল পালন এবং ১ দিনের অবরোধ কর্মসূচী, গত জানুয়ারি মাসে দু’দিন হরতালের পর আগামীকাল পুনরায় এই হরতালের আহবান উদ্যোক্তাদের মধ্যে গভীর হতাশার সৃষ্টি করেছে। জাতীয় অর্থনীতি, বিশেষ করে পোশাক শিল্পের স্বার্থে আহুত হরতাল প্রত্যাহার করার জন্য বিজিএমইএ ও বিকেএমইএ বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, যদিও পোশাকশিল্প হরতালের আওতামুক্ত, তবে এ শিল্পে বাস্তবতা হচ্ছে যে, একটি অর্ডার সম্পন্ন করতে হলে সহযোগী বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান যেমন, বস্ত্র কারখানা, এক্সেসরিজ, ওয়াশিং, ডাইং, প্রিন্টিং, প্যাকেজিং প্রভৃতির সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করতে হয়। এই বিশাল চেইনের কোথাও বিভ্রাট হলে তা পুরো কার্যক্রমকে বিঘ্নিত করে। উল্লেখ্য, এক ঘন্টা বিলম্বের জন্য যদি তৈরি পোশাক জাহাজীকরণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে রপ্তানি কার্যক্রমে অতিরিক্ত ঝুঁকি বাড়ে এবং বিমানযোগে পাঠানো, ডিসকাউন্ট বা অর্ডার বাতিলের মত পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগে নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে যা অর্থনীতির জন্য ক্ষতিকর পরিণতি ডেকে আনতে পারে। এই অবস্থায় রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে উভয় সংগঠন।