সেনাবাহিনী কারো কথায় বিভ্রান্ত হবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা কর্মকর্তাদের অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে বলেছেন, সেনাবাহিনী কারো কথায় বিভ্রান্ত হবে না। সেনাবাহিনীর দায়িত্ব হলো দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা এবং প্রয়োজনে দেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলা বজায় রাখা। আশা করি কারো কথায় প্রভাবিত না হয়ে এ বাহিনী তাদের স্বীয় দায়িত্ব পালন করবে। তারা তাদের দায়িত্ব সম্পর্কে ভালভাবে সচেতন। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রসঙ্গত গত রবিবার ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদর দফতরের অফিসার্স মেসে সেনাবাহিনীর কর্মকর্তাদের সংবিধান ও গণতন্ত্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড সর্বশক্তি দিয়ে প্রতিহত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি কুচক্রি মহলের স্বার্থে বিভ্রান্ত না হতেও সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। এমকে আনোয়ার এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা থাকাকালে দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। তিনি বিদেশ গিয়ে বাংলাদেশকে সাহায্য বন্ধের আবেদন জানিয়েছিলেন। তাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হতে পারে। ‘ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য বেগম খালেদা জিয়াকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়ে সরকারি দলের নেতারা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে তিনি বলেন, খালেদা জিয়া প্রতিবেদনে দেশের সংকটাপন্ন অবস্থা তুলে ধরেছেন। দেশ ও জনগণের বিরুদ্ধে কিছু বলেন নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক রাখার চেষ্টা হলে সারাদেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, এলডিপি নেতা মেজর (অব.) মান্নানের সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেরেছেন উল্লেখ করে এম কে আনোয়ার বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতাদের সঙ্গেও তিনি হারবেন।