ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেনা কর্মকর্তার গাড়িতে ডাকাতি, মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সেনা কর্মকর্তার গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই কর্মকর্তাকে আহত করে সর্বস্ব লুটে নিয়েছে। গত রবিবার গভীর রাতে মহসড়কের বাতাবাড়িয়া বেলতলীতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল সোমবার একটি মামলা হয়েছে। জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল আরিফ আহমেদ ঢাকা থেকে স্ত্রী, ছেলে-মেয়ে ও গৃহকর্মীকে নিয়ে তার ব্যক্তিগত গাড়িযোগে (ঢাকা মেট্রো-গ-১৭-৪৩২৬) গত রবিবার রাতে কুমিল্লার লাকসামে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। রাত সোয়া ১টার দিকে মহাসড়কের বাতাবাড়িয়া বেলতলীতে পৌঁছলে ডাকাতরা তার গাড়ি লক্ষ্য করে রড ছুড়ে মারে। এসময় বিকট শব্দ হয়। শব্দ হওয়ার কারণ জানতে তিনি গাড়ি থামালে ১০-১২ জন ডাকাত পেছন থেকে দৌঁড়ে এসে অস্ত্রের মুখে আরিফ আহমেদকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। ডাকাতরা তাকে বেধড়ক মারধর করে। অন্য ডাকাতরা গাড়িতে থাকা তার স্ত্রীসহ অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা নগদ সাত হাজার টাকা, ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, ক্যামেরা, ল্যাপটপ, দুটি মোবাইল ফোনসহ আনুমানিক নয় লাখ টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। আরিফ আহমেদ জানান, ঘটনার রাতেই বিষয়টি পুলিশ ও স্থানীয় র্যাবকে অবহিত করা হয়েছে। সদর দক্ষিণ থানায় গতকাল এ ব্যাপারে মামলা করা হয়েছে। তিনি ঢাকা সেনানিবাসে কর্মরত আছেন বলে জানান।