কাদের মোল্লা এখন ঢাকায়
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এখন ঢাকায়। গতকাল সোমবার বিকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে র্যাব-পুলিশের কড়া পাহারায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা আটক আছে এমন কারাগারগুলোর ভেতরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে রায় ঘোষণা করবে।
কারাগার সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লা ডিভিশনপ্রাপ্ত বন্দি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুরমা সেলে ছিলেন। কাশিমপুর কারাগারের জেলার সুভাষ কুমার ঘোষ জানান, গতকাল সোমবার বিকাল সোয়া ৪টার দিকে গাজীপুর জেলা পুলিশের কাছে কাদের মোল্লাকে হস্তান্তর করা হয়। এরপর কড়া পাহারায় তাকে নিয়ে ঢাকার অভিমুখে রওয়ানা করে পুলিশ ও র্যাব। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, কাদের মোল্লাকে সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর তাকে ৬ নম্বর সেলে রাখা হয়েছে। এখান থেকেই আজ তাকে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হবে।
কারাগারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধাপরাধী মামলার আজকের (মঙ্গলবার) রায়কে ঘিরে দেশের সব কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি কারা কর্তৃপক্ষকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। কারাবন্দি জামায়াতে ইসলামীর নেতাদের ওপর বিশেষ নজরদারি করতে আদেশও দেয়া হয়েছে।
এদিকে কাশিমপুর কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা জানান, মাওলানা আযাদের (বাচ্চু রাজাকার) ফাঁসির আদেশ শুনে হতাশ হন যুদ্ধাপরাধী মামলায় আটক জামায়াতে ইসলামীর কারাবন্দিরা। এতদিন তারা স্বাভাবিক আচরণ করলেও আযাদের রায়ের পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন কাদের মোল্লা। মঙ্গলবার তার বিরুদ্ধে রায় হচ্ছে, এই কথা জানার পর তিনি আরও মুষড়ে পড়েন। কারাগারে অনেকটাই চুপচাপ সময় কাটান তিনি। সুরমা সেলের দ্বিতীয় তলায় থাকলেও গতকাল সারাদিন তিনি রুম থেকে বাইরে বের হননি। তার পাশের সেলে থাকা জামায়াতে ইসলামীর অন্য দুই নেতা কামারুজ্জামান ও মীর কাসেম আলীর সঙ্গেও কথাবার্তা বলতে দেখা যায়নি। তবে তিনি রুমে নিয়মিত নামাজ আদায় করতেন।