ঘুম ভাঙার পরে

সকালবেলা ঘুম আমার ভাঙতেই চায় না। দু’চোখ জড়িয়ে থাকে ঘুমে। চোখ কচলে একবার উঠি। বাবার বকা শুনে একবার উঠি। মায়ের বকুনি শুনে কান ঝা ঝা করে। মা বলতে থাকেন, সকালে উঠে পড়াশুনা করতে হয়। তাহলে পড়াশুনা মনে থাকে। টিপুরে তাড়াতাড়ি উঠে পড়। উঠে হাতমুখ ধুয়ে ফ্যাল। মা অনবরত একই কথা বলতে থাকেন। কিন্তু টিপুর ঘুম ভাঙে না। সে আড়মোড়া দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। ঘুমাতে খুব আনন্দ পায় টিপু। ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে সে অনেক মধুর স্বপ্ন দ্যাখে। দ্যাখে যে, তার দুটো ডানা গজিয়েছে। তারপর সে উড়ে যাচ্ছে ফুর ফুর করে। এমন সময় যদি কেউ ঘুম ভাঙিয়ে দেয় তখন মেজাজ খারাপ না হয়ে উপায় কি? ঘুম থেকে উঠে বেশ খানিকক্ষণ চুপচাপ ঝিম মেরে বসে থাকে টিপু। ওর মাথা ঝিমঝিম করে। হাত-পা অবশ অবশ লাগে। মুখ-হাত ধুয়ে নাশতা খেয়ে ভালো লাগে না। একঘেঁয়ে নাশতা। সেই রুটি-ভাজি-হালুয়া। নাশতার টেবিলে বসলেই টিপুর কান্না পায়। ঘুম ভাঙার পরে প্রতিদিন মনটা খারাপ হয়ে যায় টিপুর। তাই ও মনে মনে ভাবে, ওর যেন সকালে ঘুম না ভাঙে। মাকে অনুরোধ করে। মা আমার ঘুম ভাঙিয়ো না। মা কি আর সে কথা শোনে? প্রতিদিন টিপুকে ধাক্কা দিয়ে উঠিয়ে দেয়। টিপু ধড়মড় করে বিছানায় উঠে বসে। ঝিমাতে থাকে। ওর খুব ইচ্ছা হয়— আবার ঘুমিয়ে যেতে। ঘুমাতে ওর বড় ভালো লাগে।