গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪০
বহুতল কোনো পার্কিং থেকে নিজের গাড়ি বের করে আনা কিংবা এ ধরনের কোনো পার্কিং এ সঠিক জায়গা খুঁজে বের করা সবসময়ই বেশ কষ্টসাধ্য একটা বিষয়। আর তাই বর্তমান সময়ে বিশ্বের অনেক দেশেই গাড়িচালকদের এই কষ্ট লাঘব করার জন্য তৈরি করা হয়েছে অটোমেটিক পার্কিং সুবিধা। এর ফলে গাড়ির মালিককে আর কষ্ট করে বহুতল কোনো পার্কিং থেকে নিজের গাড়ি খুঁজে বের করে আনতে হয় না। বরং গাড়ির মালিকের হয়ে এই কাজটি করে দেয় কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। শুধু তাই নয়, গাড়িটিকে নির্দিষ্ট তলা থেকে পার্কিং এর বাইরে নিয়ে যাওয়ার কাজটিও স্বয়ংক্রিয়ভাবে করে দেয় এই অটোমেটেড পার্কিং সিস্টেম। এ প্রেক্ষাপটে বর্তমানে বিশ্বের বেশ কিছু বহুতল ভবনের পার্কিং এ অটোমেটেড পার্কিং ফ্যাসিলিটি থাকলেও এ ধরনের সবচেয়ে বড় পার্কিং সিস্টেম স্থাপনের রেকর্ড এখন যাদের দখলে তারা হলেন এমিরেটস ফিনান্সিয়াল টাওয়ারস্ কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত এই ভবনটির অটোমেটেড পার্কিং সিস্টেম সর্বমোট নয় তলা জায়গা নিয়ে ১,১৯১টি গাড়ির জায়গা করে দিতে পারে এবং প্রতি মিনিটে মোট ছয়টি গাড়ি স্থানান্তর করতে পারে।