মেক্সিকোর সাথে শুল্ক সহযোগিতা বিনিময়ে চুক্তি হচ্ছে

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সাথে শুল্ক সহযোগিতা বিনিময়ে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এর আওতায় দুটি দেশ শুল্ক সংক্রান্ত যে কোন বিষয়ে একে অপরকে সহায়তা করবে। শুল্ক সংক্রান্ত তদন্ত ও তথ্য বিনিময়ে, মিথ্যা ঘোষণা যাচাইয়ের ক্ষেত্রে এক দেশ অন্য দেশকে সহায়তা করবে। চলতি মাসের শেষের দিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মেক্সিকো গিয়ে চুক্তির খুঁটিনাটি ঠিক করে চূড়ান্ত করার কথা রয়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের একজন কর্মকর্তা জানান, এর আগে তুরস্কের সাথে বাংলাদেশের এরকম একটি চুিক্ত রয়েছে। এনবিআরের প্রতিনিধিদল আগামী ২৩ তারিখে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিওসিও) একটি সভায় যোগদানের উদ্দেশ্যে বেলজিয়াম যাবে। এর পর মেক্সিকোতে এ চুক্তিটি চূড়ান্ত করা হবে।