২৩ হামাস সদস্যকে গ্রেফতার করেছে ইসরাইল
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৫
অধিকৃত পশ্চিম তীরে তিন হামাস আইন প্রণেতাসহ স্থানীয় কয়েকজন হামাস নেতাকে ইসরাইল গ্রেফতার করেছে। এ পদক্ষেপের কোন কারণ জানায়নি ইসরাইল। অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনি গেরিলা দল হামাসের কয়েকজন স্থানীয় নেতাসহ তিন আইনপ্রণেতাকে সোমবার গ্রেপ্তার করেছে ইসরাইল। হামাস এবং ইসরাইলের সেনাবাহিনী একথা জানিয়েছে। এক বিবৃতিতে হামাস জানায়, তাদের আইনপ্রণেতা আহমেদ আত্তুন, হাতেম কাফিসাহ এবং মোহাম্মাদ আল তালহাদসহ স্থানীয় কিছু নেতাকে ইসরাইল সকালের দিকে আটক করেছে। ওদিকে, ইসরাইলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র হামাসের আইনপ্রণেতাকে গ্রেপ্তার করার ব্যাপারে কিছু বলেননি,আটককৃতদের পরিচয় জানাননি এবং এ পদক্ষেপের কোনো কারণও উল্লেখ করেননি। তিনি কেবল বলেন, “২৫ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২৩ জন হামাসের।”
হামাস তাদের বিবৃতিতে গ্রেপ্তারের এ ঘটনাকে অপরাধমূলক তত্পরতা আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের কাজ তাদের সংগ্রাম বন্ধ করতে পারবে না। বিবৃতিতে বলা হয়, ‘আমরা হামাস নেতাদেরকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি।’