বিশ্বনাথে ষাঁড়ের লড়াই
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ (সদর) ইউনিয়নের ঝাহারগাঁও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা গ্রামের উত্তরের মাঠে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রতিযোগিতায় ঝাহারগাঁও গ্রামের রইছ খাঁর কালাপাহাড় ষাঁড়কে হারিয়ে দশঘর গ্রামের আয়না মিয়ার সাদাপরী ষাঁড় চ্যাম্পিয়ন হয়ে জিতে নেয় ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। এছাড়া সিলেটের বিভিন্ন উপজেলা ও থানা থেকে নামকরা প্রায় ২১ জোড়া ষাঁড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলে ষাঁড়ের লড়াই। প্রতিযোগিতায় মহাজোট, কালোতুফান, লায়ন, আয়লা, ছিমছাম, মহারাজা, সাদা মস্তান, সন্ত্রাস ২, শান্তরাজ, শাহ সিকন্দর, শিরেকান্দি, জোসনার ফুল ৩, বীর বাহাদুর, দুদরাজ, ডিপজল, মাদার টেলিগ্রাফ, মাছুম পাগলা, ভাণ্ডারীসহ বিভিন্ন নামের ও বিভিন্ন রঙের ষাঁড় লড়াইয়ে অংশ নেয়।
জগন্নাথপুর থেকে আসা আরিফ আলী (৬০) বলেন, ষাঁড়ের লড়াই দেখতে ভাল লাগে। এক সময় ঘন ঘন ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা হলেও এখন আর আগের মত হয় না। তিনি গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য ষাঁড় প্রেমীদের প্রতি আহবান জানান। চ্যাম্পিয়ন ষাঁড়ের মালিক আয়না মিয়া বলেন, যে কোন মাঠে তার ষাঁড় জেতার আস্থা রাখেন তিনি।