দক্ষিণ আফ্রিকানরা টেস্ট র্যাংকিংয়ের তিন বিভাগেই সেরা

নিজ মাঠে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডার এই তিনটি বিভাগেই শীর্ষস্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকানরা। জোহানেসবার্গ টেস্টে দারুণ পারফরম্যান্স করে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান মাইকেল ক্লার্ককে টপকে হাশিম আমলা উঠে গেছেন শীর্ষে। ওয়ান্ডারার্স টেস্টে যথাক্রমে ৩৭ ও অপরাজিত ৭৪ রান করে শীর্ষস্থান দখল করা আমলা ক্লার্কের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছেন। ডেল স্টেইন টেস্টটিতে খেলোয়াড়ী জীবনের সেরা পারফরম্যান্স দেখিয়ে ১১ উইকেট শিকার করে বোলারদের তালিকার শীর্ষে উঠে আসেন। নিউজিল্যান্ডের পর এ সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ক্যারিয়ার সেরা ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে সহজেই শীর্ষে উঠে যান স্টেইন। ফলে এক ধাপ পেছনে চলে যেতে হয়েছে তার স্বদেশী ভারনন ফিলান্ডারকে। তৃতীয় স্থানে থাকা শ্রীলংকা স্পিনার রঙ্গনা হেরাথের সঙ্গে স্টেইনের পার্থক্য প্রায় ১০০ পয়েন্ট। অলরাউন্ডারদের তালিকায় আগে থেকেই শীর্ষে আছেন জ্যাক ক্যালিস। ম্যাচের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির পর তিন উইকেট শিকার করে তার শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন। —বাসস।