চট্টগ্রামে কাফেক্সপো’র উদ্বোধন আজ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
বিজিএমইএ চট্টগ্রামের উদ্যোগে শতভাগ রপ্তানীমুখী তৈরি পোশাক শিল্পের মেলা কাফেক্সপো আজ বুধবার থেকে নগরীর সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে। চিটাগাং এপারেলস ফেব্রিক এন্ড এক্সসরিজ এক্সপোজিশন ২০১৩ (কাফেক্সপো) -এর তিন দিনব্যাপী মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। ঢাকার গার্মেন্টস কারখানা তাজরীন গার্মেন্টসে সামপ্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক গার্মেন্টস কর্মীর প্রাণহানির প্রেক্ষাপটে এবার কাফেক্সকো উপলক্ষে গ্র্যান্ড ফ্যামিলি নাইট কর্মসূচি বাতিল করা হয়েছে। এই কর্মসূচিতে যে টাকা খরচ হতো সেসব টাকা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস কর্মীদের পরিবারকে ভাগ করে এককালীন সহায়তা হিসাবে প্রদান করা হবে। সোমবার দুপুরে নগরীর খুলশিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক এরশাদউল্লাহ এবং এস এম আবু তৈয়ব। এবারের মেলায় দেশের তৈরি পোশাক শিল্পের ৪৭টি স্টল থাকবে। দেশি-বিদেশি ২৪টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে।
গামছা পার্টির হাতে প্রবাসী খুন
মৃত মায়ের কুলখানি করতে দেশে ফিরে নিজেই লাশ হলেন মধ্যপ্রাচ্য প্রবাসী কামালউদ্দিন শিকদার (৪২)। ভাইয়ের বাসায় যাওযার কথা বলে শনিবার সন্ধ্যায় নগরীর বায়েজীদ থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসা থেকে বের হন তিনি। গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় রাত দেড়টায় কোতয়ালী থানায় জিডি করেন তার ভাই জামালউদ্দিন। রবিবার সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে বায়েজীদ থানা পুলিশ আরেফিন নগর এলাকায় একটি রাস্তার পাশ থেকে কামালের লাশ উদ্ধার করে। এ সময় তার গলায় গামছা পেঁচানো ছিল। আত্মীয়-স্বজনদের ধারণা গামছা পার্টির সদস্যরা টাকার লোভে কামালকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।